1. »
  2. অর্থ বাণিজ্য
এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে সোনার দাম ২ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে ডিসেম্বর মেয়াদে যুক্তরাষ্ট্রের বাজারে সোনার ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা সোনার দামের ওপর চাপ তৈরি করছে। ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস ও সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমের সুদের হার বাড়ানোর ইঙ্গিতেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়ে।

এদিকে ফেডের ২৭ ও ২৮ অক্টোবরের মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এতে ভবিষ্যৎ সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্ট, প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪৪ ডলার ৭৫ সেন্টে নেমেছে।

তবে বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদের পূর্বাভাস, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগ তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স