1. »
  2. আবহাওয়া

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নেমে ১২.৫ ডিগ্রি

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে শীত বাড়তে থাকে। বিশেষ করে রাত ও ভোরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।