এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:২৮ পিএম
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রফতানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করাই জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর মূল লক্ষ্য।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় মেলার আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর যেসব চ্যালেঞ্জ আসবে এবং পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে। এটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন করা হবে।
নতুন নীতিমালায় ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। আগামী পাঁচ বছরে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও আছে। উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে এ সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০৩৪ সালের মধ্যে অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি বলেন, এসএমই খাতকে শুধু অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামালের সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এ খাতকে গড়ে তুলতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে জনশক্তি রফতানির সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
অঞ্চলভিত্তিক শিল্পায়নের উদাহরণ হিসেবে ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এগুলোকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের নকশা, মান ও বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। পর্যায়ক্রমে আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের বিষয়ে তিনি অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের মেলায় অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ আগ্রহ কাজে লাগাতে হবে। বিদেশি ক্রেতারা যাতে সরাসরি অর্ডার দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরি খোঁজার চেয়ে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আট ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা। এবারের মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন
- জন্মদিনের শুভেচ্ছার জবাবে শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
- শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি
- তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ জরুরি: শিক্ষামন্ত্রী
- মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- তিন বছরের মধ্যে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী