1. »
  2. জাতীয়

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:০৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:০৩ পিএম

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী এ ল্যাপটপ বিতরণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বোর্ড থেকে প্রথম পর্যায়ে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী ল্যাপটপ পাবেন। তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ফলে সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায়ও মেধাবীদের জন্য একই ধরনের উদ্যোগ নেওয়ার চিন্তা করছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করতে শিক্ষার্থীদের উৎসাহিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ হাজার জনকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রম অনুযায়ী শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

মন্ত্রী জানান, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের অন্তর্ভুক্তির জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও এ ধরনের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।