1. »
  2. জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পিএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে  রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ কর্মসূচিতে ৫৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনে মোট ৫৫টি দলের সঙ্গে মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যেসব রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ করেছিল, তাদের পাশাপাশি নতুন চারটি দলকেও এ আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসির প্রকাশিত নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। এসব নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে যাচ্ছে সংস্থাটি।