যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ এএম
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করে শিকাগো নগর কর্তৃপক্ষ।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিল সড়কটির নামকরণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়।
সড়কটির নাম রাখা হয়েছে ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)। বিশ্বখ্যাত বাংলাদেশি স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের পাশে সড়কটির অবস্থান। ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল।
সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম দর্শনীয় স্থাপনা। এর পাশে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের কাছে তাঁর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরার সুযোগ তৈরি হবে।
এর আগে ২০১৪ সালে শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যাঁরা এ উদ্যোগের জন্য আবেদন করেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন। বিশেষ করে শাহ্ মোজাম্মেল নান্টুসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ উদ্যোগের সঙ্গে সামান্য অংশীদার হতে পেরে গর্বিত বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
তিনি আরও জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে সড়কের নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ করে।
মোজাহিদ/দিনকাল
আরও পড়ুন
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা
- এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন
- জন্মদিনের শুভেচ্ছার জবাবে শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
- শিক্ষাব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি
- তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ জরুরি: শিক্ষামন্ত্রী
- মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান