1. »
  2. জাতীয়

মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: রাশেদ খাঁন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৯ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৯ এএম

মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত: রাশেদ খাঁন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশটির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ সরকারের মধ্যকার।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে ভারতের মুখপাত্রের বক্তব্য থেকে তাঁর ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে রাজি নয় নয়াদিল্লি।

এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া এবং প্রত্যর্পণের অনুরোধ দুটি পৃথক বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।