ট্রেনের ধাক্কায় বগি লাইনচ্যুত, চট্টগ্রাম–চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৬ এএম
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বগির সঙ্গে ইঞ্জিনের জোরালো ধাক্কায় এক রেলকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় চট্টগ্রাম–চাঁদপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রেনটি রাত পৌনে ৮টার দিকে লাকসাম জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করে। এরপর চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রার জন্য ইঞ্জিন সংযুক্তির প্রক্রিয়া চলছিল। এ সময় ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে বগির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লাকসাম জংশনের ট্রেন এক্সামিনার এস এম আক্তার হোসেন জানান, রেক সংযুক্তির সময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী রিলিফ ট্রেন লাকসাম লোকোশেডে প্রস্তুত থাকলেও ইঞ্জিন সংকটের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। আখাউড়া লোকোশেড থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে; সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
তবে জংশনের দুটি মেইন লাইন সচল থাকায় সামগ্রিক ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮