বিরোধী দলের চাপের মুখে
ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৫ এএম | আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:০৫ এএম
সরকারের ওপর বিরোধীদের চাপ বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিরোধী দলীয় নেতৃবৃন্দ সংসদ ভবনে অবস্থান ধর্মঘট (সিট-ইন) শুরু করেছে, যা দ্বিতীয় দিনে গড়িয়েছে।
এর আগে ডান চোখের অধিকাংশ দৃষ্টিশক্তি হারানোর খবর প্রকাশের পর কারাগারে ইমরানকে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়ার আহ্বান জানান পাকিস্তানের দুই কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। ৭৩ বছর বয়সী ইমরান কয়েক মাস ধরে প্রায় একাকী বন্দিত্বে রয়েছেন এবং একটি চোখের সংক্রমণে ভুগছেন। তার আইনজীবী দলের দাবি অনুযায়ী এটিই গুরুতর দৃষ্টিহানির কারণ হয়েছে।
ইমরানের আইনজীবীরা আরও অভিযোগ করেছেন, সরকারের অবহেলার কারণেই পাকিস্তানকে তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দেয়া অধিনায়কের শারীরিক অবস্থা অবনতির দিকে গেছে। তবে সরকারি মুখপাত্ররা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৯২ বিশ্বকাপে ইমরানের সতীর্থ ওয়াসিম আকরাম এক্সে লিখেছেন, 'আমাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তাঁকে সর্বোচ্চ মানের চিকিৎসা দেবে। তার শক্তি, দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।'
আরেক কিংবদন্তি ওয়াকার ইউনিস লিখেছেন, 'রাজনীতি পাশে রেখে বলছি, আমাদের জাতীয় নায়ক—যিনি খেলাধুলার ময়দানে আমাদের সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, যা অসংখ্য মানুষকে সাহায্য করেছে, আমার নিজের মাকেও—তিনি এখন স্বাস্থ্য সংকটে আছেন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি বিনীতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যেন তাকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, স্কিপার।'
স্পিডস্টার শোয়েব আখতার শনিবার (১৪ ফেব্রুয়ারি) জানান, ইমরানের প্রতিষ্ঠিত শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করতে গত তিন মাস যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। এই হাসপাতালটি ইমরান তার ক্যান্সারে মারা যাওয়া মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেছিলেন। শোয়েব বলেন, 'তার একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শহিদ আফ্রিদি বলেছেন, চিকিৎসা পাওয়া একটি 'মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা উচিত।' রমিজ রাজা—যিনি ১৯৯২ বিশ্বকাপে ইমরানের বলে জয়সূচক ক্যাচটি ধরেছিলেন এবং পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও হয়েছিলেন—লিখেছেন, 'আশা করি মানবতা জয়ী হবে। ইমরান খানকে কষ্ট পেতে এবং এক চোখের দৃষ্টি হারাতে দেখা মর্মান্তিক।'
মোহাম্মদ হাফিজও ইমরানের দ্রুত আরোগ্য কামনা করে এবং যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের ক্রিকেটারদের ইমরানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান।
ইমরান খানকে ২০২৩ এর আগস্টে গ্রেপ্তার করা হয় এবং একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ও তার সমর্থকরা দাবি করে আসছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন
- তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব
- জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
- নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২
- নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান
- বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন
- তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
- কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
- থাইল্যান্ডে চলছে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট