1. »
  2. দূর্ঘটনা

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৬ এএম

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের মতে, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ফ্ল্যাটটিতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, বাসাটিতে এলপিজি সিলিন্ডার নয়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত পাইপলাইনের গ্যাস ব্যবহার করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে তা বিস্ফোরিত হয়।

দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আহতদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের শরীরের ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।