অবশেষে চোখের চিকিৎসা পেলেন ইমরান খান
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৮ পিএম
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অবশেষে চোখের চিকিৎসা পেয়েছেন। ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্স (পিমস) হাসপাতালে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চোখের সমস্যার কারণে ইমরান খানকে পিমস হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার চোখে দ্বিতীয় ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাকে পরীক্ষা করে। ওই বোর্ডে একজন হৃদরোগ বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। এ সময় তার ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি পরীক্ষা করা হয় এবং ফলাফল স্বাভাবিক আসে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এর আগে গত ২৪ জানুয়ারি একই হাসপাতালে তাকে স্বল্প সময়ের জন্য চিকিৎসা দেওয়া হয়েছিল বলে তথ্য মন্ত্রণালয় জানিয়েছিল।
দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। ৭৩ বছর বয়সী ইমরানের পরিবার দাবি করেছে, তার ডান চোখের দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার আইনজীবী সালমান সাফদার জানিয়েছেন, ইমরানের ডান চোখ বর্তমানে মাত্র ১৫ শতাংশ সক্ষমতায় কাজ করছে। ছেলে কাসিম খান অভিযোগ করেছেন, হেফাজতে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার বাবার শারীরিক অবস্থা অবনতি হয়েছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা সহিংসতায় রূপ নেয়। ইমরান ও তার দল দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন
- বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ : সুপ্রিম কোর্ট
- সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
- দেশ ছেড়ে পালানোর সময় জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
- তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব
- জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
- ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
- নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২