1. »
  2. অর্থ বাণিজ্য

বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি

সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১১:৩৭ এএম

বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সোমবার (২ মার্চ) থেকে এ দাম কার্যকর হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ১১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের সংকট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

তবে ঘোষিত মূল্যের সঙ্গে ক্রেতাকে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি এখন ৬ হাজার ৯৯৮ টাকা। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৪ বার এবং রুপার দাম ২০ বার সমন্বয় করা হয়েছে—যার বেশিরভাগ ক্ষেত্রেই দাম বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত স্বর্ণের দাম ২২ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। এর আগে ২০২৫ সালেও রেকর্ড ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বারই ছিল ঊর্ধ্বমুখী।

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবেই দেশীয় বাজারে এই মূল্যবৃদ্ধি বলে দাবি বাজুসের। তবে লাগাতার দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।