নেপালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৫২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ০১:৫২ পিএম
নতুন সরকার গঠনের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার নেপাল–এ জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন নাগরিকরা। পুরনো প্রভাবশালী রাজনীতিবিদদের পাশাপাশি এই নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রার্থীও অংশগ্রহণ করছেন।
ছয় মাস আগে জেন-জি আন্দোলনের প্রভাবে হিমালয়ের দেশটিতে সরকার পতন ঘটে। সম্ভাব্য মূল প্রতিদ্বন্দ্বিদের মধ্যে আছেন মার্কসবাদী সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং আন্দোলনের পর তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া র্যাপার বালেন্দ্র শাহ, যিনি কাঠমান্ডুর সাবেক মেয়রও ছিলেন।
বৃহস্পতিবার কাঠমান্ডুর একটি কলেজে ভোট দেওয়ার পর অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিলান্তা শাক্য (৬০) বলেন, “নেপালিরা দীর্ঘদিন ধরে একটি ব্যবস্থা থেকে আরেকটিতে পরিবর্তনের অপেক্ষায় আছে। আশা করছি এবার সে পরিবর্তন আসবে।”
প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার ভোট দিচ্ছেন। স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ২০০৬ সালে গৃহযুদ্ধের অবসানের পর ৩ কোটি মানুষের এই দেশে এবারের নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা ও পুলিশ সদস্য।
নির্বাচনে অনেক তরুণ প্রার্থীও অংশগ্রহণ করেছেন। তারা দুর্বল অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দীর্ঘদিন রাজনীতিতে প্রভাবশালী প্রবীণদের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। প্রবীণ নেতারা বলছেন, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিজ্ঞতাই সবচেয়ে বড় শক্তি।
রাজধানীর বাইরে ভক্তপুর জেলায় ভোট দিয়ে বন্ধুদের সঙ্গে রাস্তায় নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ধারণ করেন গৃহিণী নির্মলা ভান্ডারি। তিনি বলেন, “আজ উৎসবের দিন মনে হচ্ছে। আশা করি দেশ নতুন নেতৃত্ব পাবে এবং আমরা একটি ভালো দেশ গড়তে পারব।”
গত বছরের সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনের সময় সহিংসতায় অন্তত ৭৭ জন নিহত হন। পার্লামেন্টসহ বহু সরকারি ভবনে আগুন দেওয়া হয়। সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের ক্ষোভ থেকে শুরু হওয়া প্রতিবাদ শেষ পর্যন্ত দুর্নীতি ও সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
আরও পড়ুন
- ইরানকে সহায়তা: ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু,
- ওপেক ছাড়ল আমিরাত, চাপে সৌদি আরব ও জ্বালানি বাজার
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
- ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী