1. »
  2. দূর্ঘটনা

তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:২৫ এএম | আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:২৫ এএম

তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ

রাজধানীর তুরাগ থানার কামারপাড়ার বামনারটেক এলাকায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার ভোররাতে চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাস লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং পরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের সদস্যরা দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ভোর সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন, স্থানীয় বাসিন্দারা আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। ফলে ফায়ার সার্ভিসকে আর আগুন নেভাতে হয়নি।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, তুরাগ এলাকা থেকে অগ্নিদগ্ধ ১০ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এদিকে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক বলেন, বাসাটির দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।