বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:৪৯ এএম | আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:৪৯ এএম
বাগেরহাটে পূবালী ব্যাংকের একটি লকার থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাচান চৌধুরী, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূবালী ব্যাংকের বাগেরহাট শাখা পরিদর্শন করেন। বিকেল পর্যন্ত তারা ব্যাংকের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
এর আগে বুধবার (৪ মার্চ) সুমন কুমার দাস নামের এক গ্রাহক ব্যাংকের লকারে রাখা স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর তিনি পরিবার ও আত্মীয়-স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালঙ্কার পূবালী ব্যাংকের বাগেরহাট শাখার একটি লকারে সংরক্ষণ করেন। সম্প্রতি পারিবারিক অনুষ্ঠানের জন্য স্বর্ণ নিতে গিয়ে দেখেন লকারে রাখা স্বর্ণালঙ্কার নেই। পরে বিষয়টি তিনি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
ক্ষতিগ্রস্ত গ্রাহক সুমন কুমার দাস বলেন, পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনের স্বর্ণালঙ্কারও সেখানে রাখা ছিল। হঠাৎ সব উধাও হয়ে যাওয়ায় তারা বড় ধরনের সংকটে পড়েছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মনিরুল আমিন বলেন, ব্যাংকে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। লকারের নির্দিষ্ট অংশের চাবি গ্রাহকের কাছেই থাকে, ব্যাংকের কাছে থাকে না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ব্যাংকের লকার থেকে স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট হবে।
এদিকে এ ঘটনার দুই দিন আগে একই ভবনে থাকা একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় ৩৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে হিসাবরক্ষক মো. মনিরুজ্জামনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক
- ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- চট্টগ্রামে গলাকাটা শিশু উদ্ধার: ধর্ষণের পর হত্যার চেষ্টা, চমেকে চিকিৎসাধীন
- ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা
- মিরপুর মেট্রোস্টেশনের পাশের ভবনে আগুন
- ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
- রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার