1. »
  2. ধর্ম

আজ পবিত্র জুমাতুল বিদা

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:৪৪ পিএম | আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:৪৪ পিএম

আজ পবিত্র জুমাতুল বিদা

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, আজ জুমাতুল বিদা। সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে এই দিনটি পালন করবেন।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা জুমার নামাজে অংশ নেবেন। নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।

জুমার নামাজের পরে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরবি ‘বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। তাই ‘জুমাতুল বিদা’ বলতে রমজানের শেষ জুমাকে বোঝানো হয়। এটি কোনো স্বতন্ত্র ফরজ বা ওয়াজিব ইবাদত না হলেও, এর ফজিলত ও গুরুত্ব রমজানের শেষ সময়ের বরকতের সাথে গভীরভাবে সম্পৃক্ত।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। (সূরা আল-কদর: ১)

রমজানের শেষ দশক বিশেষ করে লাইলাতুল কদরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শেষ জুমা সেই মহামূল্যবান রাতগুলোর মধ্যেই আসে। এজন্য আলেমগণ বলেন, এই সময় ইবাদতের গুরুত্ব আরও বেড়ে যায়।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। (সহিহ বুখারি)

আরেক হাদিসে রাসূল (সা.) বলেন, তোমাদের নিকট রমজান এসেছে, এটি বরকতময় মাস… এতে এমন একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম।(মুসনাদে আহমদ)

বিশেষ করে জুমার দিনের গুরুত্ব সম্পর্কেও হাদিসে এসেছে, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম (সহিহ মুসলিম)

রমজানের শেষ জুমা হওয়ায় আজকের দিনের গুরুত্ব দ্বিগুণ। এদিন মুসল্লিরা বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা, জিকির-আজকার এবং তওবা-ইস্তিগফারে মনোনিবেশ করেন।