গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশের ওপর জামায়াত নেতার হামলা, আটক ১
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ০৭:০০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ০৭:০০ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এবিএম রশিদুল বারী সাংবাদিকদের জানান, পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক থানায় প্রবেশ করেন। তারা পলাশবাড়ী পৌরসভার কালিবাজার এলাকায় একটি বিরোধপূর্ণ দোকানে তালা লাগানোর জন্য ওসিকে চাপ দেন।
পুলিশ জানায়, ওসি সারোয়ার আলম এতে রাজি না হলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামলাকারীরা ওসির ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। পরে অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।
আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান এএসপি রশিদুল বারী।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ সোহাগ জানান, এএসআই রুহুল আমিন ও শাহ আলমসহ সাতজন পুলিশ সদস্য আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত এএসআই রুহুল আমিন বলেন, হামলাকারীরা থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটকাতে গেলে পুলিশের ওপর আবারও হামলা চালানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু থানায় যান। কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়, সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তা দেখানো সম্ভব।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন