তেলের দাম ছাড়াল ১১৬ ডলার
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:২৪ এএম
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও, যেখানে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।
সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে, যা ১৯ মার্চের পর সর্বোচ্চ। চলমান সংঘাতের প্রভাবে যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংকটের মূল কারণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কা। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সরবরাহ হয়। বর্তমানে নৌ-চলাচল প্রায় বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থায় গুরুতর চাপ সৃষ্টি হয়েছে।
এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থল হামলা প্রতিহত করতে তারা প্রস্তুত। তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে।
অন্যদিকে, গত সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের বিস্তারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও শেয়ারবাজারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি সমুদ্রপথের নিয়ন্ত্রণ না ছাড়ে, তাহলে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর কঠোর হামলা চালানো হতে পারে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার সম্ভাবনার কথা বলা হয়েছে, ইরান তা প্রত্যাখ্যান করেছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, তেলের এই সংকটের প্রকৃত প্রভাব এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি। ওনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যান সতর্ক করে বলেছেন, তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে এবং ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে সংকট আরও তীব্র হতে পারে।
বর্তমানে সীমিত আকারে কিছু জাহাজ চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত, এখন সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
- দ্বিতীয় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- লেবাননে ইসরায়েলের স্থল অভিযান জোরদার, সেনা সংখ্যা বাড়ছে
- ইরানজুড়ে ‘চূড়ান্ত হামলা’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
- বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের
- সংকটের মাঝেই হরমুজে আবারও মালেশিয়ান জাহাজ চলাচল শুরু
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- হরমুজ প্রণলিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশ : ইরান
- যুদ্ধ থামাতে ইরানের পাঁচ কঠোর শর্ত