দেশের আট জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:২১ এএম
নীলফামারীতে তিন ট্যাংকলরি শ্রমিককে কারাদণ্ড ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ায় রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো-এর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। এতে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরাও সংহতি জানিয়েছেন।
শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, শনিবার (২৮ মার্চ) রাতে একটি তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শ্রমিকরা সেটি মেরামত করছিলেন। এ সময় নিয়াজ ভূইয়া নামের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন।
অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, ওই শ্রমিকরা তেল পাচারের উদ্দেশ্যে ড্রামে তেল ভরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, আটক শ্রমিকদের মুক্তি ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বদলি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া জানান, অভিযুক্তদের তেল পাচারের সময় আটক করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের দণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেই এ দণ্ড প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
- তৃতীয়বারের মতো খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
- সারাদেশে বিশেষ অভিযানে নামছে র্যাব
- সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক
- বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর মিলল নিখোঁজ ৫ জেলের মরদেহ
- ঢাকায় আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা
- রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যা: ইয়াবা সেবনে বাধা দেওয়াই হলো কাল
- ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত
- ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৮