1. »
  2. অর্থ বাণিজ্য

টানা চতুর্থবার বাড়ল সোনার দাম

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১০:৫৫ এএম

টানা চতুর্থবার বাড়ল সোনার দাম

দেশের বাজারে টানা চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও এ সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এতে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারির শেষে বিশ্ববাজারে দামের বড় উল্লম্ফনের প্রভাবে দেশের বাজারেও একদিনে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড গড়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত।