জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত, দেশে আসছে আরও ৫ জাহাজ
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৩০ এএম | আপডেট: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১০:৩০ এএম
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তির আভাস মিলছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়া থেকে ২,৪৭০ টন এলপিজি নিয়ে ‘মর্নিং জেলি’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ার কথা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬৯ হাজার টন এলএনজি নিয়ে ‘ইএমইআই’ জাহাজটি মহেশখালীর এফএসআরইউ টার্মিনালে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এসব জাহাজে থাকা এলএনজি মহেশখালীর ভাসমান টার্মিনালে এবং এলপিজি চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।
পরদিন ১১ এপ্রিল একই টার্মিনালে যুক্তরাষ্ট্র থেকে সমপরিমাণ এলএনজি নিয়ে আসবে ‘কংটং’। এছাড়া ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামে একটি জাহাজ চট্টগ্রামের বহির্নোঙরে পৌঁছাবে।
এই তালিকার শেষ জাহাজ ‘ম্যারান গ্যাস হাইড্রা’ ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ৬৪ হাজার ৬৭৮ টন এলএনজি নিয়ে দেশে পৌঁছাবে বলে জানা গেছে।
এর আগে, মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি ট্যাংকার ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করার পর খালাস কার্যক্রম শুরু হয়েছে। একই সময়ে ‘ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি ট্যাংকার হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
জানা গেছে, চলতি মাসে মোট ৯টি এলএনজি জাহাজ দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে দুটি জাহাজ এসে পৌঁছেছে এবং খালাস প্রক্রিয়া চলছে। প্রতিটি জাহাজে সাধারণত ৬৯ থেকে ৭০ হাজার টন গ্যাস থাকে।
আরপিজিসিএল সূত্র জানায়, গত মার্চ মাসে বিভিন্ন দেশ থেকে আটটি জাহাজে করে প্রায় ৬ লাখ টন এলএনজি আমদানি করা হয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম
- যুদ্ধবিরতির প্রভাবে তেলের বাজারে বড় ধাক্কা, দাম কমলো ১৬ শতাংশ
- জ্বালানি চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানির অনুমোদন
- বিকল্প পথে দেশে আসছে আরও এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল
- এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি
- টানা চতুর্থবার বাড়ল সোনার দাম
- কমল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
- চলতি বছরের সর্বনিম্নে স্বর্ণের দাম