বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম | আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ এএম
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।
এ সময় মিনাপুর বিওপিতে দায়িত্বে থাকা বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়; এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।
অন্যদিকে, দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্র বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
- রাজধানীতে পারিবারিক বিরোধে ছুরিকাঘাত, নিহত ১
- বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা
- পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন
- তাপমাত্রা বাড়ার আভাস, জনজীবনে অস্বস্তির আশঙ্কা
- ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৪