1. »
  2. অর্থ বাণিজ্য

আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০০ এএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০০ এএম

আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

চলতি মাসের বিক্রির প্রবণতা বিবেচনায় ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বাড়ানো হচ্ছে।

রোববার রাতে বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় এই বাড়তি সরবরাহ দেওয়া হচ্ছে।

বিপিসির তথ্য অনুযায়ী, এপ্রিলের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত ১৮ দিনে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন।

শুধু ১৮ এপ্রিলই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল, ১০৫ টন কেরোসিন, ১ হাজার ২৫৬ টন পেট্রোল, ১ হাজার ২১৯ টন অকটেন, ২ হাজার ৯১২ টন ফার্নেস অয়েল এবং ১ হাজার ৯০১ টন জেট ফুয়েল।

তুলনায়, গত বছরের একই সময়ে মোট বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন।

এদিকে, ১৮ এপ্রিল জ্বালানির দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।