৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ এএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ এএম
সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানান, 'এমটি নাইনেমিয়া' নামের জাহাজটি গত ২১ এপ্রিল সকালে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত উপকূলীয় এলাকা ও হরমুজ প্রণালীর যুদ্ধাঞ্চল এড়িয়ে আরব সাগর হয়ে বর্তমানে বঙ্গোপসাগরের পথে রয়েছে।
এই চালান পৌঁছালে অপরিশোধিত তেলের সংকটে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে। প্রতিষ্ঠানটি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।
তবে আরও একটি জাহাজ 'নর্ডিকস পলাক্স', যেটিতে আরও এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে, সেটি হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে বলে জানান ইআরএল প্রধান।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, দেশের মোট জ্বালানি চাহিদার ৯২ শতাংশই আমদানিনির্ভর। চাহিদার তালিকায় পরিবহন খাত শীর্ষে রয়েছে, যেখানে মোট জ্বালানির ৬৩.৪১ শতাংশ ব্যবহৃত হয়। এরপর রয়েছে কৃষি সেচে ১৫.৪১ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে ১১.৬৭ শতাংশ এবং শিল্প খাতে ৫.৯৬ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি বিক্রি করেছে।
আরও পড়ুন
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- জ্বালানি সরবরাহে স্বস্তির ইঙ্গিত, দেশে আসছে আরও ৫ জাহাজ