রাজধানীসহ ১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:১৬ এএম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দেওয়া ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
৯৬ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো এলাকায় তা ৮৮ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করেছে যে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে ভূমিধসের ঝুঁকি রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরির প্রবণতা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছুটা সময় চলতে পারে।
আরও পড়ুন
- দেশজুড়ে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস
- দেশের ৪ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস
- উপকূলে ঝড়ের শঙ্কা, নৌযান চলাচলে সতর্কতা জারি
- ১৪ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা
- বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- ১৮ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
- সাত জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত