1. »
  2. অর্থ বাণিজ্য

ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দাম

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:২০ এএম | আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১১:২০ এএম

ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানির দাম

ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। এই অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও।

বুধবার ( ২৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জুন ডেলিভারির ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২.৭১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.১৬ ডলারে পৌঁছেছে। এটি মার্চ ২০২৬-এর পর সর্বোচ্চ মূল্য। 

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিলের প্রস্তাব দিয়েছিল ইরান। 

তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব গ্রহণ করবে না, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। 

হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে এই পথে চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে জ্বালানি বাজারে ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে। 

মার্কিন শক্তি তথ্য সংস্থা (ইআইএ) পূর্বাভাস দিয়েছে, এপ্রিলে মার্কিন খুচরা পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৪.৩০ ডলার এবং ডিজেলের দাম ৫.৮০ ডলারের ওপর উঠতে পারে। 

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে, এই সংকট অভূতপূর্ব সরবরাহ ধাক্কার পাশাপাশি বৈশ্বিক চাহিদা হ্রাসের ঝুঁকিও তৈরি করছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্থিতিশীল না হলে জ্বালানি বাজারে এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪.১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

তথ্যসূত্র : আলজাজিরা