1. »
  2. সমগ্র দেশ

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৩২ এএম | আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৩২ এএম

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা

আজ শুক্রবার (১ মে) দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলায় দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সন্ধ্যা পর্যন্ত সারা দেশের সব বিভাগেই বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোনো কোনো এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন ধরে সারা দেশে অব্যাহত থাকতে পারে। তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।