উন্নয়নের স্বার্থে দেশের যেকোনো জায়গায় কাজ করতে নিজেকে প্রস্তুত রাখুন: প্রধানমন্ত্রী
রবিবার, ৩ মে, ২০২৬ ১২:১৭ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১২:১৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা প্রশাসনের প্রতিটি পদই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের কর্মকর্তারা যদি যেকোনো পদে, যেকোনো সময় দেশের স্বার্থে মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
আজ রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের নিয়মিত বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ৩ মে শুরু হওয়া এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত।
প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, জনপ্রশাসনের মাধ্যমেই জনরায়ের প্রতিফলন ঘটে। অপরদিকে জনপ্রশাসনকে জিম্মি করে কী করা যায়, তা আমরা স্বৈরাচারী আমলে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে দেখেছি।
তিনি বলেন, জনপ্রশাসনের পদোন্নতি ও পোস্টিংয়ের জন্য যতগুলো পদ রয়েছে, সবগুলোই রাষ্ট্র ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেউ যদি নিজের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য আপোষ করেন, তাহলে হয়তো সাময়িকভাবে লাভবান হবেন। তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং জনপ্রশাসনকে দুর্নীতিপরায়ণ ও অপেশাদার করে তোলে।
তিনি আহ্বান জানিয়ে বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখুন। দেশের যেকোনো জায়গায়, যেকোনো সময় কাজ করতে নিজেকে প্রস্তুত রাখুন। কারণ, একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকার। এখন জনগণ সরকারের কাজের মধ্য দিয়ে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চাইবে। এই সেতুবন্ধনের কাজটিই করবেন জেলা প্রশাসকগণ। তাই সরকারের সাফল্য পুরোপুরি নির্ভর করছে আপনাদের সততা, কর্মদক্ষতা ও দায়বদ্ধতার ওপর।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত জনপ্রশাসন ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছিল। কিন্তু আপনাদের সহযোগিতায় আমরা অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
- হেঁটে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
- নয়াপল্টনের শ্রমিক সমাবেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মহান মে দিবস আজ, শ্রমিকের অধিকারের স্বীকৃতির দিনে সারাদেশে নানা কর্মসূচি
- ইতিহাসে প্রথমবার একসঙ্গে ১৪ বিমান কিনল বিমান বাংলাদেশ