1. »
  2. সমগ্র দেশ

দেশের পথে জামিলের মরদেহ

রবিবার, ৩ মে, ২০২৬ ১২:২৩ পিএম | আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১২:২৩ পিএম

দেশের পথে জামিলের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে।

স্থানীয় সময় শনিবার (২ মে) রাত পৌনে নয়টায় মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার উদ্দেশ্যে অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে আগামীকাল সোমবার (৪ মে) সকালে মরদেহটি ঢাকায় পৌঁছাবে।

এর আগে গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। আট দিন পর ২৪ এপ্রিল পুলিশ জামিলের মরদেহ উদ্ধার করে। কয়েক দিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩০ এপ্রিল বৃষ্টির মরদেহ শনাক্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় এখনও শোকে মুহ্যমান স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে আগামী বুধবার (৬ মে) জোহরের নামাজের পর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৬ এপ্রিল) হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পরিবারের অনুরোধে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে এই প্রক্রিয়া শুরু করেছে।

উল্লেখ্য, লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।