1. »
  2. সমগ্র দেশ

দেশে ফিরল যুক্তরাষ্ট্র হত্যার শিকার লিমনের মরদেহ

সোমবার, ৪ মে, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১১:১৯ এএম

দেশে ফিরল যুক্তরাষ্ট্র হত্যার শিকার  লিমনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। 

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে দুপুর ২টায় টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পুরো বিষয়টি মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে সমন্বয় করছে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। সম্প্রতি ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।