ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
সোমবার, ৪ মে, ২০২৬ ১১:২৯ এএম | আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬ ১১:২৯ এএম
দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সুবিধার আওতায় আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থী পরিবহন ব্যতীত অন্যান্য কাজে ব্যবহৃত বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকলেও কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে আমদানিকারকদের মোট করভার দাঁড়াবে মাত্র ১৫ শতাংশে। এ ছাড়া পাঁচ টন বা তার বেশি ধারণক্ষমতার নতুন ইলেকট্রিক ট্রাক আমদানিতেও একই সুবিধা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
আরও পড়ুন
- দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
- রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে যেকোনো সময় প্রস্তুত ইসি: সিইসি
- বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ
- হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র প্রথম আসরের পর্দা নামছে আজ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
- মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনে ক্রীড়ায় জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী