হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে: ত্রাণমন্ত্রী
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৫:৩৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৫:৩৯ পিএম
অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সহায়তা তুলে দিয়ে তিন মাসব্যাপী সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নির্ভুল ও দুর্নীতিমুক্তভাবে প্রস্তুত করতে হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন প্রধানমন্ত্রীর সহায়তা পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথম দিন থেকেই উদ্বিগ্ন। তিনি আমাদের পাঠিয়েছেন, যেন বাস্তব পরিস্থিতি সরাসরি তাঁকে জানাতে পারি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।”
ত্রাণমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে হাওর রক্ষা বাঁধ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম কিংবা ঠিকাদার নির্ভরতা কমিয়ে হাওরকে নিরাপদ উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।
সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা কার্যক্রম যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিভাগীয় কমিশনার আপ্তাবুর রহমান-এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সমর কুমার পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, নুরুল ইসলাম নুরুল, কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা আকবর আলী ও অ্যাডভোকেট শেরেনুর আলী।
পরে দুপুর সোয়া দুইটায় অতিথিরা বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দেন।
আরও পড়ুন
- পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ : মাহদী আমিন
- প্রধানমন্ত্রীকে ৩৮টি অডিট রিপোর্টের তথ্য অবহিত করলেন হিসাব নিরীক্ষক
- রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বৈঠক
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা