শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতিবদ্ধ : মাহদী আমিন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৭:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ০৭:২০ পিএম
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অপরিহার্য। এই লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (৫ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন লওসন পার্চমেন্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে সরকারের চলমান "মিড ডে মিল" কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি হেড অব প্রোগ্রাম মেরিব্যাথ ব্লাক, হেড অব সাপ্লাই চেইন ক্যাথরিন ক্লেয়ার, হেড অব স্কুল ফিডিং ইমা ক্লারা লেফু এবং সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন।
আলোচনায় শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন ও পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহের বিভিন্ন দিক উঠে আসে। ডাব্লিউএফপির প্রতিনিধিরা তাদের বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে কর্মসূচি আরও কার্যকর করতে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
মাহদী আমিন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলেই এই কর্মসূচির সূচনা হয়েছিল। পাশাপাশি তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে তাঁর নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন বক্তব্যে "মিড ডে মিল" কর্মসূচির গুরুত্বের কথা তুলে ধরে আসছেন।
বৈঠকে কর্মসূচিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ করার উপায় নিয়েও আলোচনা হয়। বিশেষভাবে মনিটরিং ও সুপারভিশন ব্যবস্থা জোরদার করা এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন
- পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে: ত্রাণমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে ৩৮টি অডিট রিপোর্টের তথ্য অবহিত করলেন হিসাব নিরীক্ষক
- রোহিঙ্গা সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর প্রতিনিধির বৈঠক
- বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
- ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক অব্যাহতি দিল সরকার
- শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা