1. »
  2. আন্তর্জাতিক

হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

বুধবার, ৬ মে, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬ ১০:২৭ এএম

হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। 

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি জানায় এবং সমাবর্তনে একজন প্রতিনিধি পাঠিয়ে দুই পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করার অনুরোধ জানায়।

লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন। গত ১৬ এপ্রিল হঠাৎ দুজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় কালো রঙের কয়েকটি আবর্জনার ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ৭ মে তার মরদেহ দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।