1. »
  2. আন্তর্জাতিক

আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১০:২৬ এএম

আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় অন্তত ২৬৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে শতাধিক বাংলাদেশি নাগরিক।

গত ৮ এপ্রিল কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার আন্দামান সাগরে ডুবে যায়। সংবাদমাধ্যম কালের কণ্ঠের অনুসন্ধানে নিখোঁজ ৬২ জন বাংলাদেশির নাম-ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।

দুর্ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ৯ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে তাদের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলীতে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৯ জনের মধ্যে ৬ জন মানবপাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে এবং বর্তমানে তারা কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। বাকি তিনজন রোহিঙ্গা নাগরিক।

অনুসন্ধানে জানা গেছে, নিখোঁজ ৬২ বাংলাদেশির মধ্যে টেকনাফের ৪০ জন, উখিয়ার ৬ জন, রামুর ৪ জন, পেকুয়ার ৭ জন এবং চট্টগ্রামের বাঁশখালীর ৫ জন রয়েছেন। বিশেষত সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ এলাকার ৩০ জনেরও বেশি যুবক এখনও নিখোঁজ। দালালের প্রলোভনে পড়ে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন।

নিখোঁজদের পরিবারে এখন শোকের ছায়া। স্বজনের ফেরার আশায় মা-বাবা ও আত্মীয়রা থানা এবং জনপ্রতিনিধির দ্বারে ধরনা দিচ্ছেন। প্রিয়জন বেঁচে আছেন কি না, সেই প্রশ্নের উত্তর মিলছে না কোথাও।
বিপজ্জনক সমুদ্রযাত্রা থামছে না

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়াগামী অন্তত ৩ হাজার ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। শুধু ২০২৫ সালেই সাড়ে ৬ হাজারের বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রা শুরু করেছেন, যাদের মধ্যে ৮৯০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।

ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে ২ হাজার ৯০৭ জন সমুদ্রপথে দেশ ছেড়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে থাকা ১২ লাখ রোহিঙ্গার একটি বড় অংশের খাদ্যসহায়তা কমিয়ে দেওয়ার ফলে এই প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে।