ফের বাড়ল জ্বালানি তেলের দাম
শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩৮ এএম | আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ১১:৩৮ এএম
পাকিস্তানে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ১৪ রুপি ৯২ পয়সা এবং হাই-স্পিড ডিজেলে ১৫ রুপি বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি এ খবর জানিয়েছে।
পেট্রোলিয়াম বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্য কার্যকর হয়েছে শুক্রবার (৮ মে) রাত ১২টার পর থেকে। এখন প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৪১৪ রুপি ৭৮ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪১৪ রুপি ৫৮ পয়সা।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে গত ৩০ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। তখন পেট্রোলের দাম প্রতি লিটারে ৬ রুপি ৫১ পয়সা বাড়িয়ে ৩৯৯ রুপি ৮৬ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৯ রুপি ৩৯ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।