নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান
আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী
রবিবার, ১০ মে, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১০:৩৪ এএম
রাজারবাগ পুলিশ লাইন্সের ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।
আজ রোববার (১০ মে) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগেই ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর হানাদারবাহিনী 'অপারেশন সার্চলাইট'-এর নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকল পুলিশ সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বলেন, শুধু স্মরণের মধ্য দিয়েই দায়িত্ব শেষ নয়, যেকোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।
তারেক রহমান বলেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে তিনি সবাইকে নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার 'উই রিভোল্ট' ঘোষণা, অন্যদিকে রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ — এরপর স্বাধীনতার লড়াই থেকে পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তিনি আরও প্রশ্ন তোলেন, উত্তাল মার্চে পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় জড়ো হওয়ার মধ্যেও কেন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একসঙ্গে রাখা হয়েছিল — এটি গবেষণার বিষয় হতে পারে বলে তিনি মনে করেন।
জনগণের নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে হামলা-মামলার শিকার নির্যাতিত মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব, তা প্রমাণিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ, বিশেষত নারী পুলিশ সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছেন বলে তিনি উল্লেখ করেন। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও মানবিক আচরণ প্রত্যাশিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পরিশেষে প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ ও র্যাবের সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে পুলিশ সপ্তাহ-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন তারেক রহমান।
আরও পড়ুন
- কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ
- পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী
- প্রতিবন্ধী কলেজছাত্রের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
- প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা