মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই যা বললেন বিজয়
রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৪১ পিএম | আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৪১ পিএম
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় শপথ নেওয়ার পর প্রথম ভাষণে নিজেকে 'সাধারণ মানুষ' হিসেবে পরিচয় দিয়েছেন।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি বলেন, কোনো রাজকীয় পরিবার থেকে না আসা একজন মানুষ হিসেবেই জনগণ তাকে গ্রহণ করেছে।
ভাষণে বিজয় বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং 'প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ' গড়ে তুলতে কাজ করবেন। একইসঙ্গে সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময়ও চান তিনি।
ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে বিজয় বলেন, তাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। তার এই মন্তব্যকে জোটসঙ্গীদের চাপমুক্ত থেকে সরকার পরিচালনার বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রাজ্যের আর্থিক সংকটের বিষয়ে তিনি বলেন, তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ ১০ লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে এবং সরকারি কোষাগার প্রায় শূন্য। স্বচ্ছতার স্বার্থে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের কথাও বিবেচনা করছেন বলে জানান।
নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে সিনেমায় সফল হতে কঠোর সংগ্রাম করেছেন তিনি। দারিদ্র্য ও ক্ষুধার অর্থ তিনি ভালোভাবেই জানেন। সবকিছু ছেড়ে রাজনীতিতে এসেছেন জনগণের প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়কে অভিনন্দন জানিয়ে আশ্বাস দিয়েছেন, মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
আরও পড়ুন
- জাতীয় ঐক্যের ডাক মমতার
- পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
- হরমুজ প্রণালিতে ইরানের হামলায় পিছু হঠল মার্কিন ডেস্ট্রয়ার
- তামিলনাড়ু রাজনীতিতে তীব্র সংকট, বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি
- দেশে ফিরছ যুক্তরাষ্ট্রে নির্মম হত্যার শিকার বৃষ্টির মরদেহ
- আন্দামানে ট্রলারডুবিতে ৬২ বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
- ইরান সংকট দ্রুতiই শেষ হবে : ট্রাম্প
- ভারতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা