1. »
  2. জাতীয়

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫৮ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫৮ এএম

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ১২ এপ্রিল একটি জাতীয় পত্রিকায় '৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ছয়টি হাসপাতাল ভবন নির্মাণ সম্পন্ন হলেও বছরের পর বছর ধরে সেগুলো অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

বৈঠকে প্রধানমন্ত্রী হাসপাতালগুলো তাৎক্ষণিকভাবে পরিদর্শন করে চালুর উদ্যোগ নিতে নির্দেশ দেন এবং আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করতে বলেন। একই সঙ্গে আংশিকভাবে চালু থাকা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যায় পূর্ণাঙ্গভাবে চালু করার এবং ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালু করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়া, নীলফামারীতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের নির্মাণকাজ ত্বরান্বিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ উচ্চ দারিদ্র্য, সীমিত স্বাস্থ্য অবকাঠামো এবং দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে মৈত্রী হাসপাতালটি একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন