1. »
  2. আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫৯ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১০:৫৯ এএম

ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর মুহুর্মুহু হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে অন্তত ২৪টি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

সোমবার (১১ মে) গোষ্ঠীটি জানায়, হামলাগুলো পরিচালিত হয়েছে ইসরায়েলি সেনাসমাবেশ, মেরকাভা ট্যাংক, ডি-নাইন বুলডোজার এবং খিয়াম, দেইর সেরিয়ান, তায়র হারফা, বায়দাদ, রাশাফ ও নাকোরাসহ একাধিক সীমান্ত এলাকায় নতুন স্থাপিত কমান্ড সেন্টারের বিরুদ্ধে। 

হিজবুল্লাহর দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রাখায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে ড্রোন, রকেট, কামানের গোলা ও গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে এবং বেশ কিছু হামলায় সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, রোববার গভীর রাতে লেবানন থেকে ড্রোন অনুপ্রবেশের খবরের পর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বাজে। ইসরায়েলি বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী লেবানন থেকে আসা একটি সন্দেহজনক আকাশযান ভূপাতিত করেছে এবং এটিকে হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এবং পরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে ২ হাজার ৮৪৬ জন নিহত এবং ৮ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটন ডিসিতে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহল এই আলোচনা থেকে স্থায়ী সমাধানের প্রত্যাশা রাখলেও চলমান পাল্টাপাল্টি হামলা সংলাপের পরিবেশকে জটিল করে তুলছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি