1. »
  2. আন্তর্জাতিক

ইরান সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:০১ এএম | আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬ ১১:০১ এএম

ইরান সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

মার্কিন-ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা গভীর হওয়ায় বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.১৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও ৩.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৮.৪৮ ডলারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও স্থগিত হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিশ্বের মোট তেল-গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণকারী হরমুজ প্রণালি কবে স্বাভাবিক হবে তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, ওয়াশিংটন তাদের সর্বশেষ প্রস্তাবে একটি সুনির্দিষ্ট চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। ইরান সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে নাকচ করে দিয়েছেন।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি পার হতে গিয়ে সমস্যায় পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ ও বন্দরে নৌ-অবরোধ বজায় রেখেছে এবং গত শুক্রবার অবরোধ ভাঙার চেষ্টা করা দুটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বর্তমানে অপরিশোধিত তেলের দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ব্যারেলপ্রতি প্রায় ২০ ডলার এবং মার্কিন অপরিশোধিত তেল প্রায় ১০ ডলার বেশিতে বিকিচ্ছে। এর প্রভাব পড়েছে সাধারণ আমেরিকানদের জীবনেও। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন প্রতি গ্যালন জ্বালানির গড় মূল্য ৪.৫২ ডলার, যা যুদ্ধ শুরুর আগে ৩ ডলারেরও নিচে ছিল।