1. »
  2. সমগ্র দেশ

ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

বুধবার, ১৩ মে, ২০২৬ ১১:১১ এএম | আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:২০ পিএম

ঈদুল আজহার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

বুধবার (১৩ মে) সকাল থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৩ মে'র টিকিট বিক্রি চলছে। কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। ২৪ মে'র টিকিট ১৪ মে, ২৫ মে'র টিকিট ১৫ মে, ২৬ মে'র টিকিট ১৬ মে এবং ২৭ মে'র টিকিট ১৭ মে বিক্রি হবে। এ ছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে'র টিকিট বিক্রির তারিখ পরবর্তীতে জানানো হবে।

টিকিট ক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রেলওয়ে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রায় সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে ঈদ অগ্রিম যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে, তবে এই সুবিধা উচ্চ শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য নয়।

ঈদে ঘরমুখো লাখো যাত্রীর নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের এই বিশেষ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।