একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প
বুধবার, ১৩ মে, ২০২৬ ০৩:৪৪ পিএম | আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬ ০৩:৪৪ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প।
বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।
নির্বাচনে বিএনপির অন্যতম ইশতেহার ছিল পদ্মা ব্যারাজ নির্মাণ। সরকার গঠনের পর অবশেষে তা বাস্তবায়নের পথে এগিয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।
জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পটির মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে।
প্রকল্পের আওতায় হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী — এই পাঁচটি নদী ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে।
দুই ধাপে বাস্তবায়ন
প্রথম ধাপে থাকছে —
১৩৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ গড়াই-মধুমতী নদী এবং ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার হিসনা নদীর ড্রেজিং ও পুনঃখনন, ১৫টি স্পিলওয়েসহ গড়াই অফ-টেক, ফিশ পাস ও নেভিগেশন লক নির্মাণ, ৩৬ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ।
দ্বিতীয় ধাপে চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থা পুনরুদ্ধার এবং অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে।
পদ্মা ব্যারাজের মোট প্রকল্প এলাকা বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ, যা চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলায় বিস্তৃত। প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা ও ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে।
উপকৃত জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও পিরোজপুর।
আরও পড়ুন
- চীনা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন পেল বাংলাদেশ
- অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে : প্রধানমন্ত্রী
- কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
- 'পুলিশের পদ চিরস্থায়ী নয়', দুর্নীতিতে আপসহীন থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ঈদুল আজহায় পশুর হাটে জাল নোট ঠেকাতে বুথ স্থাপনের নির্দেশ
- অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কদমতলীতে বাসায় আগুন, শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ