1. »
  2. জাতীয়

ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৪ মের টিকিট

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:২৬ এএম

ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৪ মের টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

ঈদযাত্রার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে ২৪ মের টিকিট বিক্রি চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে ওয়েবসাইট ও 'রেল সেবা' মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ইস্যু করা হচ্ছে। পরবর্তী দিনগুলোতে ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের যাত্রার টিকিট পাওয়া যাবে।

ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে সময়সূচি সাজানো হয়েছে। বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেনও চালানো হবে। কোরবানির পশু পরিবহনে ২২ ও ২৩ মে দুটি বিশেষ ক্যাটল ট্রেন দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।

টিকিট-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শর্তও জানিয়েছে রেলওয়ে। একজন যাত্রী অগ্রিম সর্বোচ্চ একবার এবং প্রতিবারে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই। তবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে।

রেলওয়ে যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, শুধু রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও 'রেল সেবা' অ্যাপ থেকেই টিকিট কিনতে হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।