1. »
  2. আন্তর্জাতিক

নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের দাবি, আবুধাবির অস্বীকার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৫৩ এএম

নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের দাবি, আবুধাবির অস্বীকার

ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

বুধবার (১৩ মে) তাঁর দপ্তর থেকে জানানো হয়, সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে "ঐতিহাসিক ব্রেকথ্রু" হয়েছে।

তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, উল্লিখিত সফরের কোনো অস্তিত্ব নেই এবং ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক সম্পূর্ণ প্রকাশ্য ও আব্রাহাম চুক্তির আওতায় পরিচালিত। কোনো অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কার্যক্রমের ওপর এই সম্পর্ক নির্ভরশীল নয় বলেও স্পষ্ট করেছে দেশটি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েল এবং সেগুলো পরিচালনায় ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করেন। ইরান দাবি করে আসছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি — এই যুক্তিতে যুদ্ধকালে আমিরাতে ব্যাপক হামলাও চালিয়েছে তেহরান।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।

সূত্র: বিবিসি