আলোচনা ব্যর্থ হলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলা
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৫৫ এএম
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হলে আগামী সপ্তাহের মধ্যেই দেশটিতে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশই এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা।
শুক্রবার (১৫ মে) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে তাঁরা এই তথ্য জানান।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন করে যুদ্ধ শুরু হলে এবার ইরানের ওপর আগের চেয়ে বহুগুণ তীব্র বোমাবর্ষণ করা হবে। মূলত ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।
পরিকল্পনার অংশ হিসেবে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপ দখলের ব্লুপ্রিন্টও তৈরি করা হচ্ছে। এ ছাড়া ইরানের মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম জব্দ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। কমান্ডোদের সহায়তায় কয়েক হাজার সেনার ব্যাকআপ রাখতে হবে এবং ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২কে দেওয়া সাক্ষাৎকারে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, যুদ্ধ অত্যাসন্ন ধরে নিয়েই ইসরায়েল সামরিক প্রস্তুতি সম্পন্ন করছে। তারা এখন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আমেরিকানরা এখন স্পষ্ট বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে আলোচনা করে কোনো কূটনৈতিক সমাধান আসবে না। আমরা আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।"
এদিকে চীন সফর শেষে দেশে ফেরার পথে ট্রাম্প কিছুটা নরম সুরে জানান, ইরান যদি লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা আগামী ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, তবে তিনি বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন। এর আগে ট্রাম্পের শর্ত ছিল ইরানকে 'চিরজীবনের জন্য' ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
আরও পড়ুন
- কঙ্গোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৯, বেশিরভাগই শিক্ষার্থী
- হরমুজে মার্কিন জাহাজ ও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
- মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা
- হরমুজে জলযান প্রবেশে ইরানের নিষেধাজ্ঞা, দ্বিগুণ হচ্ছে পেট্রোলের দাম
- কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫
- মিয়ামি বিমানবন্দরে বিমান দুর্ঘটনা, নিহত ৫
- ‘আমি কাতারে বোমা মেরেছি’ : নেতানিয়াহু
- হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা