1. »
  2. জাতীয়
পল্লবীতে শিশু হত্যা

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৩৯ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৩৯ এএম

রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার পরিবারকে সমবেদনা জানাতে সরাসরি তাদের বাসায় ছুটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বরের ওই বাসায় পৌঁছে তিনি নিহত শিশুটির স্বজনদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

এ সময় তিনি রামিসার বড় বোনের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ আরও অনেকে।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে।

এই বর্বর ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।