1. »
  2. জাতীয়

রামিসা হত্যার চার্জশিট দাখিল রোববার, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫০ এএম | আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬ ০৯:৫০ এএম

রামিসা হত্যার চার্জশিট দাখিল রোববার, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রামিসার বাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে। এরই মধ্যে আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে পরীক্ষার কাজ চলছে এবং রোববার দুপুরের মধ্যে তা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর যত দ্রুত সম্ভব বিচারকার্য সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

রামিসার পরিবারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবারের প্রধান চাওয়া দ্রুততম সময়ে সুষ্ঠু ন্যায়বিচার। পাশাপাশি রামিসার বড় বোনের পড়াশোনার সমস্ত খরচ এবং আনুষঙ্গিক ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে। এ পর্যন্ত গ্রেফতার ও আইনি পদক্ষেপে পরিবার সন্তুষ্ট বলেও জানান তিনি।

শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনা রোধে বিদ্যমান আইন সংশোধনে সরকার উদ্যোগ নেবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার প্রধান আসামি সোহেল রানা পরে আদালতে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এ নৃশংস ঘটনার প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ ও মানববন্ধন।