বাড়ল স্বর্ণের দাম
সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:৪৮ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:৪৮ এএম
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে ঈদের আগেই সোনার দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত শনিবার একই পরিমাণ দাম কমিয়েছিল সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হবে।
চলতি বছর এ নিয়ে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৩৭ দফা দাম বেড়েছে এবং ৩২ দফা কমেছে।