ডিজেল অপরিবর্তিত
বাড়ল পেট্রোল-অকটেন-কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর
সোমবার, ১ জুন, ২০২৬ ০৮:৪৮ এএম | আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ০৮:৪৮ এএম
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার। জুন মাস থেকে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই রয়েছে।
আজ সোমবার (১ জুন) থেকে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে গতকাল রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায়ই এবারও দাম সমন্বয় করা হয়েছে।
ধারাবাহিক বৃদ্ধির চিত্র
এর আগে গত ৩০ এপ্রিল মে মাসের জন্য জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম একযোগে বাড়িয়েছিল সরকার। ফলে সাম্প্রতিক সময়ে একাধিকবার জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে ভোক্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন ও কৃষিসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে, বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর চাপ বাড়তে পারে।